সড়ক ও জনপথ অধিদপ্তর কর্মচারীদের ৫ দফা দাবি, ঐক্য পরিষদের আল্টিমেটাম

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছেন। তারা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে আশার সঞ্চার হলেও এখনো চাকরি সংক্রান্ত নানা জটিলতা ও অবহেলার কারণে তারা চরম হতাশায় ভুগছেন।

সওজের বিভিন্ন সংগঠন— সওজ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন, সওজ কর্মচারী ইউনিয়ন এবং সওজ সরকারী গাড়ি চালক সমিতি—এর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নেতারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে কর্মবিরতি থেকে শুরু করে কঠোর আন্দোলনে যাবেন তারা।

প্রধান দাবিগুলো হলো:

  • মাস্টার রোল (দৈনিকভিত্তিক) কর্মচারীদের জন্য সার্ভিস রুলস প্রণয়ন করে জাতীয় বেতন কাঠামোর আওতায় এনে গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ এবং সংশ্লিষ্ট কোড থেকে বেতন পরিশোধ।
  • ৭ মামলার ওয়ার্কচার্জড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক অনুযায়ী প্রথম যোগদানের তারিখ থেকে সুবিধা প্রদান এবং মাস্টার রোল কর্মচারীদের ক্ষেত্রেও ডিডিও কর্তৃক প্রত্যয়নপত্র অনুযায়ী যোগদানের তারিখ উল্লেখ করে পুনরায় প্রজ্ঞাপন জারি ও দ্রুত নীতিমালা অনুমোদন।
  • চলমান সব মামলা দ্রুত নিষ্পত্তি এবং মামলার পূর্ণ বাস্তবায়নের আগে নতুন নিয়োগ বন্ধ রাখা।
  • নিয়মিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, গ্রেডেশন ও পদোন্নতি প্রদান এবং গাড়ি চালকদের অধিককাল ভাতা দ্রুত পরিশোধ।
  • প্রক্রিয়াধীন অর্গানোগ্রাম ১৯৯২ সালের আনুপাতিক হারে বাস্তবায়ন এবং ২০১৫ সালের নিয়োগ বিধি সংশোধন করে বাংলাদেশ সচিবালয়ের আদলে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন।
  • এছাড়া প্রকল্পভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে একটি প্রকল্প শেষ হলে নতুন প্রকল্পে অগ্রাধিকারভিত্তিতে স্থানান্তরের দাবি জানান আন্দোলনরত নেতারা।
  • ঐক্য পরিষদের নেতারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


আমার বার্তা/এমই