সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি শংকরে দারুল ফুরকান হিফজ মাদরাসার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ' এর আয়োজনে সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের জীবনে লালন করতে হবে। বড়দের সর্বোচ্চ শ্রদ্ধা, আনুগত্য এবং মেনে চলার অভ্যাস করতে হবে। ছোটদের স্নেহ মমতা এবং আন্তরিকভাবে দেখতে হবে। রাসূলুল্লাহকে ভালবাসতে হবে এবং ভালোবাসার দৃষ্টান্ত সঠিকভাবে প্রকাশ করতে হবে।
উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশে প্রধান আলোচক, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক, জামিয়াতুল বালাগ ঢাকা'র প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক মুফতি আহসান শরীফ বলেন, রাসূলুল্লাহর জীবনের মূল উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, কল্যাকামিতা ও সফলতা।
তিনি বলেন, আমাদের জীবন কেবল ভোগ বিলাসিতার জন্য নয়। মানুষের জন্য কাজ করতে হবে। রসুলল্লাহ’র মিশনকে এগিয়ে নিতে হবে। সব ধর্মের ওপর ইসলামের প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হবে।
ফাউন্ডার মেম্বার, দারুল ফুরকান হিফজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ আল জাহিদের সভাপতিত্বে এবং মুফতি আবুল বাশার কাসেমীর উপস্থাপনায় বর্ণাঢ্য এ আয়োজনে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রহীম বিপ্লবী, ফাউন্ডার মেম্বার মাওলানা হাবীবুর রহমান, মুফতি আবদুল হাফিজ মারুফ, হাফেজ মুফতি মোহাম্মদ সাঈদ, মুফতি মাহবুব হাসান, মাওলানা ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মুফতি সাঈদ আবরার নদভী, মুফতি মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
