ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম আক্তার মিয়া। তিনি রহিম তালুকদার গোষ্ঠীর লোক বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকেন।
সম্প্রতি জিয়াউর গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে আটকে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এ নিয়ে গত মঙ্গলবার রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
আজ সকালে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমার বার্তা/এমই
