মংলায় ১৫ হাজার লিটার অবৈধ ডিজেল মজুদের অভিযোগ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মংলায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর অয়েল ইনস্টলেশনে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ডিপোর ৯ নম্বর ট্যাংকে প্রায় ১৫ হাজার লিটার ডিজেল নিয়ম বহির্ভূতভাবে সংরক্ষণ করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে ডিপো ইনচার্জ মোহাম্মদ আল-আমীনের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সুবিধাজনক সময়ে এই অবৈধভাবে মজুদকৃত তেল পাচারের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, প্রশাসন যদি আজই ৯ নম্বর ট্যাংকের তেল মজুদের অফিসিয়াল রেকর্ড যাচাই করে এবং ট্যাংকের গভীরতা অনুযায়ী হিসাব মিলিয়ে দেখে, তাহলে প্রকৃত চিত্র সহজেই বেরিয়ে আসবে। তবে আগাম তথ্য ফাঁস হলে এক ট্যাংক থেকে অন্য ট্যাংকে তেল সরিয়ে ফেলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ডিপো ইনচার্জ আল-আমীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।


আমার বার্তা/এমই