ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৮:০৩ | অনলাইন সংস্করণ
আজিবর রহমান বেনাপোল (যশোর):

ফেনসিডিল রাখা ও মাদক কারবারে জড়িত থাকার দায়ে যশোরের বেনাপোলের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাজী আনিসুর রহমান মুকুল।
দণ্ডপ্রাপ্ত মামনি খাতুন যশোরের বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
মামলার বিবরণ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ৬ অগাস্ট বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে মামনি খাতুনের বাড়িতে অভিযান চালায় বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।
পরে সকাল ১১টার দিকে বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার আসামির উপস্থিতে রায় ঘোষণা করেন বিচারক।
এপিপি আনিসুর রহমান মুকুল আরও বলেন, পাশপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই আইনজীবী।
আমার বার্তা/এমই
