খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৬:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জিতেন চাকমা (২৭) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাবুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জিতেন চাকমার মৃত্যু হয়।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত জিতেন চাকমা ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) একজন সদস্য ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এমই
