মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গুলিবিদ্ধ হয়ে আহত এক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গুলিতে এক শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত প্রেম (১২) নামের এক স্কুলছাত্রকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে অভিযান শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে কাঁটাবিল ও তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিরা মহড়া দেয়। ওই ঘটনার প্রতিবাদ এবং এলাকায় মাদক নির্মূল দাবির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র প্রেমসহ অন্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। যারা গুলি চালিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত। তারাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন।  

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা তাদের আটক করার দাবি জানাচ্ছি। 

বিকেল পৌনে ৬টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। তবে ঘটনার পরই সন্ত্রাসীরা এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশের অভিযান চলমান আছে।


আমার বার্তা/এমই