বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৫:০০ | অনলাইন সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

বংশী নদীর জায়গা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ বন্ধ, নদী ভরাট রোধ এবং সাভার নামা বাজার রোডের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামরাইয়ের এলাকাবাসী।

বুধবার (০১ জুলাই) দুপুরে ধামরাই সাভার সংযোগ ফোর্ডনগর সেতুতে সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকৃত বক্তারা বলেন, ধামরাই ফোর্ডনগর ও সাভার নামা বাজার রোডের দুই পাশে গড়ে ওঠা অধিকাংশ দোকানপাটই বংশী নদীর সীমানার ভেতরে অবস্থিত। নদীর জায়গা অবৈধভাবে দখল করে এসব স্থাপনা নির্মাণ করায় সংকুচিত হয়ে পড়েছে মূল সড়ক। ফলে এই রুটে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা পথচারী ও এলাকাবাসীর নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ ডেকে আনছে। সড়কটি সরু হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে সরকারি উদ্যোগে নদীর জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জোর দাবি জানান। একই সাথে উচ্ছেদকৃত জায়গা উদ্ধার করে সাভার বাজার রোডটি প্রশস্ত আকারে পুনর্নির্মাণের আহ্বান জানানো হয়, যাতে স্থায়ীভাবে যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস, ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ বদরুল সর্দার, সদস্য শারমিন সুলতানা, মালেকা বেগম, মোঃ খালেক। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই