উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ (পূবাইল) এলাকায় সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উপস্থিতিতে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ-সংক্রান্ত ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
