গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তি ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচি ঘিরে উপজেলার কাশিমাড়ী, নুরনগর, কৈখালী ও শ্যামনগর সদর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্বরে শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে ফরিদুজ্জামান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন মাওলানা আব্দুল কাইয়ুমসহ অন্য বক্তারা।
এদিকে, নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ব্যবসায়ী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরসহ স্থানীয় নেতারা।
অন্যদিকে, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ব্যবসায়ী ও গ্রাম্য চিকিৎসক আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমানসহ অন্যরা।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এ ছাড়া উপজেলার কাশিমাড়ী বাজারেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলো থেকে বক্তারা অবিলম্বে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীকে নিয়ে গাজী নজরুল ইসলামকে একটি ভবনে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তী অংশে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যাওয়ার দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আমার বার্তা/এমই
