মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ পুশইনের সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনও ভারতের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের দাবি, কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।