গজরিয়ায় শিক্ষিকাকে মারপিট অভিযোগে শিক্ষার্থী, শিক্ষকদের বিক্ষোভ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:৪০ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জান্নাতুল ইসলামকে মারপিটের অভিযোগে শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা “হামলাকারীর বিচার চাই” স্লোগান দেন।

আহত শিক্ষিকা জান্নাতুল ইসলাম জানান, তিনি একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়ার শ্রেণিশিক্ষক। দুদিন আগে পাঠদানের সময় সিনথিয়াকে পড়া জিজ্ঞেস করার সময় তিনি তাকে ধমক দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর মা সাথী ও সাথীর মা তাকে গালমন্দ করেন। বিষয়টি প্রধান শিক্ষক মনির হোসেনকে জানানো হলে তিনি উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে দেন।

জান্নাতুল ইসলামের অভিযোগ, রোববার স্কুল শেষে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের গেট পার হওয়ার পর শিক্ষার্থী সিনথিয়ার মা সাথী, সাথীর মা এবং মারুফ নামে তিনজন তার ওপর হামলা করেন। তার আর্তনাদ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, শিক্ষার্থীকে ধমক দেওয়াকে কেন্দ্র করে শিক্ষিকা ও অভিভাবকের মধ্যে গালমন্দের ঘটনা ঘটেছিল। উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছিল। তবে রোববার স্কুল শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয় প্রাঙ্গণেই জান্নাতুল ইসলাম হামলার শিকার হন। এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।

তবে শিক্ষার্থী সিনথিয়ার মা সাথী মোবাইল ফোনে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, দুদিন আগে শিক্ষিকা জান্নাতুল ইসলাম শ্রেণিকক্ষে সিনথিয়াকে মারপিট করেন। একই বিষয়কে কেন্দ্র করে রোববার স্কুল গেট পার হওয়ার পর তাদের সঙ্গে শিক্ষিকার দেখা হলে তিনি অবাঞ্ছিত কথা বলেন। এর প্রতিবাদ করায় শিক্ষিকা তাদের ওপর হামলা করেন বলে দাবি করেন সাথী। তিনি আরও দাবি করেন, তিনিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার মো. কামাল জানান, মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুলের মারামারির ঘটনায় জান্নাতুল ইসলাম নামে এক নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সাথী নামে একই এলাকার কোনো রোগী হাসপাতালে আসেননি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।