
চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাঁশতল থেকে হিন্দুবাড়ি পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সড়কে সৃষ্ট অবৈধ প্রতিবন্ধকতা দূর করা এবং দীর্ঘদিন ধরে অবহেলিত কাঁচা রাস্তাটি পাকাকরণের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন নেতৃবৃন্দ। সড়কটি পাকাকরণ করা হলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
পরিদর্শনে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলী।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শওকত চৌধুরী, ওয়াসিম রেজা ও তারেক আজিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্যসচিব আলাউদ্দিন জনি, রাবিদুল ইসলাম মিঠু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি পারভেজ রুবেল, যুগ্ম সম্পাদক এসকান্দর ও বখতিয়ার, মহিলা দলের সেলিনা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া এবং কুয়াইশ কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত।
এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সড়কটির বেহাল অবস্থা, দীর্ঘদিনের ভোগান্তি এবং চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাঁরা দ্রুত সড়কটির উন্নয়ন, পাকাকরণ এবং অবৈধ প্রতিবন্ধকতা অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ সময় নেতৃবৃন্দ এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটবে। একই সঙ্গে দক্ষিণ বুড়িশ্চরের সড়ক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

