
চট্টগ্রামের পাঁচটি যুব সংগঠনকে পেছনে ফেলে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুব সংগঠন ‘নোবডি টু সামবডি’ (এন২এস)। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামের মিলনায়তনে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে বিজয়ী হিসেবে সংগঠনটির হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।
কোকা-কোলা ফাউন্ডেশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং স্থানীয় সহযোগী সংস্থা ইপসার যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্লাস্টিক সার্কুলারিটি’ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সচেতনতা থেকে বর্জ্যকে সম্পদে রূপান্তর
‘ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নতুন পণ্য’-এই ধারণাকে সামনে রেখে এন২এস গত ২১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ‘প্লাস্টিক সার্কুলারিটি ও পরিবেশ সচেতনতা উদ্যোগ’ বাস্তবায়ন করে। এই কর্মসূচির মূল ধারণা ছিল বর্জ্য সম্পর্কে শেখা, সংগ্রহ করা, আলাদা করা, পরিষ্কার করা এবং তা দিয়ে নতুন ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা।
উদ্যোগটির অংশ হিসেবে ক্যাম্পাসের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি সচেতনতামূলক সেশন এবং ১৫ জন শিক্ষকের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আপসাইক্লিং কার্যক্রমে প্রায় ৩০ জন শিক্ষার্থী সরাসরি অংশ নিয়ে ফেলে দেওয়া পানির বোতল, জার ও বড় কনটেইনার থেকে কলমদানি, ব্রাশ রাখার পাত্র, ফুলের টব এবং ঘরের সাজসজ্জার সামগ্রী তৈরি করার অভিজ্ঞতা অর্জন করেন।
দেয়ালচিত্র ও ক্যানভাসে বিপুল অংশগ্রহণ
প্লাস্টিক দূষণ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব তুলে ধরতে ক্যাম্পাসে দেয়ালচিত্র অঙ্কন করা হয়। এছাড়া ‘আমরা কেমন পৃথিবী চাই?’ শীর্ষক এক ক্যানভাস কার্যক্রমে ১ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিজেদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। ২৫ জন স্বেচ্ছাসেবকের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী ৭৫০ জনের বেশি দর্শনার্থীর কাছে পৌঁছায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ডিজিটাল রিচ ছিল ৫ হাজারের বেশি।
কার্যক্রম বিস্তৃত রাঙামাটি পর্যন্ত
সংগঠনটির পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম শুধু ক্যাম্পাস বা চট্টগ্রাম শহরেই সীমাবদ্ধ নেই, এটি সম্প্রসারিত হয়েছে রাঙামাটিতেও। উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে জেলেদের প্লাস্টিক বর্জ্য নদী বা সমুদ্রে না ফেলার বিষয়ে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা হচ্ছে।
আগামীর লক্ষ্য: ‘শিক্ষার্থী সার্কুলারিটি দল’
চ্যাম্পিয়ন হওয়ার পর এন২এস-এর পরবর্তী বড় পরিকল্পনা হলো চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজে ‘শিক্ষার্থী সার্কুলারিটি দল’ গঠন করা। তরুণদের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং প্লাস্টিককে আবর্জনার বদলে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার মানসিকতা তৈরি করাই

