
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি আলিপুরা গ্রামের অটোরিকশাচালক আলমগীর সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে থমকে গেছে তাঁর স্বাভাবিক জীবনযাত্রা। অসহায় ও পঙ্গু আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন মানবিক সংগঠন।
গত ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ডের বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন আলমগীর। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেয় সমাজ উন্নয়ন সংস্থাটি।
আলমগীর জানান, বাড়ি ফেরার আশায় তিনি গাড়ি নিয়ে কাউন্টার সংলগ্ন রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা মিনিবাসের ধাক্কায় তিনি ছিটকে একটি লরি গাড়ির নিচে পড়ে যান। এতে তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। দুই দিন পর জ্ঞান ফিরে দেখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর একটি পা হারাতে হয়েছে।
অসহায় আলমগীরের স্ত্রী সাহানাজ বেগম জানান, দুর্ঘটনায় স্বামী পা হারিয়ে পঙ্গু হওয়ার পর তাঁর জীবনেও নেমে এসেছে চরম দুর্ভোগ। স্বামীর সেবায় পাশে থাকতে গিয়ে তিনিও কর্মসংস্থান হারিয়েছেন। সংসারের সঞ্চয় শেষ, ঋণের বোঝায় জর্জরিত পরিবারটি। তিনি বলেন, চিকিৎসার টাকা কোথায় পাবেন, কীভাবে সংসার চালাবেন, ১৩ বছরের ছেলেকে নিয়ে কীভাবে খাবেন—তা বুঝে উঠতে পারছেন না।
স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন আলমগীরের স্ত্রী সাহানাজ বেগম।
অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা। এরই ধারাবাহিকতায় সংস্থাটির প্রতিনিধিরা আলমগীরের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন। এ সময় সংস্থার প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, রমজানসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংস্থার পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানানো হয়, মানবতার সেবায় সমাজ উন্নয়নে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অধিকারবঞ্চিত এবং আলমগীরের মতো বিপদগ্রস্ত মানুষের পাশে সবাই যেন এগিয়ে আসেন।
আলমগীরের চিকিৎসা ও মানবিক সহায়তায় সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: 01863348436।

