ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ঈদের আগে গ্রাহকদের বাড়তি অর্থ উত্তোলন চাহিদা মেটাতে ১ হাজার কোটি টাকা জরুরি তহবিল সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে ব্যাংকিং খাতে সাধারণত নগদ অর্থ উত্তোলনের চাপ বেড়ে যায়। সে প্রেক্ষাপটে ক্যাশ ফ্লো স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে ন্যাশনাল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের অর্থ সময়মতো পরিশোধে হিমশিম খাচ্ছিল। তহবিল ঘাটতির বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সহায়তা দেওয়া হয়।


আমার বার্তা/এমই