জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং নিজস্ব গায়কির ভঙ্গিমায় অল্প সময়েই সংগীতপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। জন্মদিন উপলক্ষে ভক্ত-শ্রোতা ও সহশিল্পীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা পাচ্ছেন এই তরুণ শিল্পী।

সংগীতভিত্তিক রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭-এ ফাইনালিস্ট হওয়ার মধ্য দিয়ে শ্রাবণী সায়ন্তনীর সংগীতযাত্রা নতুন গতি পায়। প্রতিযোগিতার মঞ্চে তার কণ্ঠের শক্তি, গায়কি এবং আবেগপূর্ণ উপস্থাপনা দর্শক ও বিচারকদের দৃষ্টি কাড়ে। সেই অভিজ্ঞতাই তাকে পেশাদার সংগীতজগতে পথচলার অনুপ্রেরণা দেয়।

এরপর নিয়মিতভাবে নতুন গান প্রকাশ করে ধীরে ধীরে নিজের একটি শ্রোতাগোষ্ঠী তৈরি করেছেন শ্রাবণী। আধুনিক গান, মেলোডি কিংবা আবেগঘন সুরের গান-সব ক্ষেত্রেই তার কণ্ঠের স্বাতন্ত্র্য আলাদা করে ধরা পড়ে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও মিউজিক ভিডিওতেও তার গাওয়া গান ইতোমধ্যে দর্শকদের প্রশংসা পেয়েছে।

শুধু রেকর্ডিং নয়, স্টেজ শো এবং লাইভ পারফরম্যান্সেও সক্রিয় এই শিল্পী। দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত আয়োজনে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন। সংগীতের প্রতি ভালোবাসা আর নিরন্তর চর্চাই তাকে সামনে এগিয়ে নিচ্ছে বলে মনে করেন তিনি।

সম্প্রতি শ্রাবণী সায়ন্তনী নতুন কিছু মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংগীতপ্রেমীদের জন্য ভিন্নধর্মী কিছু গান শিগগিরই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। নতুন গান ও মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে আরও নতুনভাবে ধরা দিতে চান।

জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রাবণী সায়ন্তনী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, শ্রোতাদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রেরণা। সামনে আরও ভালো গান উপহার দিতে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান।

সংগীতাঙ্গনে নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে চলা এই তরুণ শিল্পীর জন্য জন্মদিনে রইল শুভকামনা-তার কণ্ঠে আরও অনেক নতুন গান শুনতে চান ভক্তরা।