কারিনাকে ঘিরে গুজব, ক্ষুব্ধ কায়সার হামিদ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতে চিকিৎসাধীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবর নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকেই ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে তার মৃত্যুর ভুয়া ফটোকার্ড শেয়ার করে গুজব ছড়ানো হয়। অসুস্থ মেয়েকে নিয়ে এমন সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ানোর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।

কারিনা কায়সারের বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ এই অপপ্রচারে বিরক্ত ও মর্মাহত। শুক্রবার সংবাদ মাধ্যমে দেওয়া তার ভাষ্য এমন, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, যেকোনো সময় মৃত্যু হতে পারে। কিন্তু একজন অসুস্থ মানুষের মৃত্যু নিয়ে এভাবে ব্যবসা করা বা গুজব ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। 

কায়সার হামিদ বলেছেন, আমাদের পুরো পরিবার কারিনার স্বাস্থ্য নিয়ে এমনিতেই অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।

মেয়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানান, কারিনার ফুসফুসে কিছুটা ইনফেকশন রয়েছে যা ধীরে ধীরে উন্নতির দিকে। এরপর লিভারের চিকিৎসা হবে। এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট আসবে।

লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে মা ও দুই ভাই অবস্থান করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনা শুরুতে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় হেপাটাইটিস এ এবং ই জটিলতার পাশাপাশি লিভার ফেইলিউর ধরা পড়ে। দেশে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে দ্রুত ভারতে স্থানান্তর করা হয়।

কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় কারিনা কায়সার। পাশাপাশি ছোট পর্দা ও ওটিটি মাধ্যমেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় প্রোডাকশনে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


আমার বার্তা/জেএইচ