কাঁথা মুড়ি দিয়ে ঘুম নয়, ছুটির দিন জমবে ওটিটির বিনোদনে
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ছুটির দিনের অলস সকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে না থেকে, দিনটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলতে পারেন ওটিটির পর্দায়। এই সপ্তাহে আপনার পছন্দের তারকাদের একঝাঁক নতুন সিনেমা ও সিরিজ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। পপকর্ন হাতে বসে যান, আর ঘরে বসেই মেতে উঠুন বিনোদনের এক দারুণ আমেজে।
অ্যাকশন, থ্রিলার, ড্রামা থেকে শুরু করে রিয়েলিটি শো- কী নেই এই তালিকায়! দর্শক খরা কাটাতে নেটফ্লিক্স, অ্যাপল টিভি, জিওহটস্টার ও অ্যামাজন প্রাইমের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো সাজিয়েছে তাদের নতুন আয়োজন। ঢাকা পোস্টের পাঠকদের জন্য এই সপ্তাহের সেরা ওটিটি রিলিজের বিস্তারিত তুলে ধরা হলো।
কেপ ফিয়ার (অ্যাপল টিভি)
শুক্রবার (৫ জুন) মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবে দারুণ জনপ্রিয় ‘কেপ ফিয়ার’ এবার ১০ পর্বের একটি ওটিটি মিনি-সিরিজ হিসেবে হাজির হচ্ছে। তবে আগের সিনেমাগুলোর মতো এখানে কেবল একজন পুরুষ আইনজীবীকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়নি। ২০১৬-এর এই নতুন সিরিজে ফোকাস করা হয়েছে এক আইনজীবী দম্পতি এবং আমেরিকার বর্তমান ‘ট্রু ক্রাইম’ উন্মাদনার ওপর।
অফিস রোমান্স (নেটফ্লিক্স)
দুজন চরম কর্মপাগল মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে এই রোমান্টিক ধারার সিনেমা। যা শুক্রবার (৫ জুন) মুক্তি পাচ্ছে। যেখানে তাদের পেশাগত জীবনের ব্যস্ততার মাঝে হুট করেই ঢুকে পড়ে ব্যক্তিগত চাওয়া-পাওয়া ও ভালোবাসা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ এবং ব্রেট গোল্ডস্টেইন।
ক্লার্কসন্স ফার্ম - সিজন ৫ (অ্যামাজন প্রাইম ভিডিও)
চলতি সপ্তাহের বুধবার (৩ জুন) মুক্তি পেয়েছে। ৮ পর্বের এই নতুন সিজনে ‘ডিডলি স্কোয়াট ফার্ম’-এর একটি অত্যন্ত উত্থান-পতন ও আবেগঘন বছরের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে জেরেমি ক্লার্কসনের ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের পাশাপাশি ব্রিটিশ কৃষিতে ঘটে যাওয়া বড় ধরনের রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মাইকেল জ্যাকসন: দ্য ভার্ডিক্ট (নেটফ্লিক্স)
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে এই ডকুমেন্টারি সিরিজ। যা বুধবার (৩ জুন) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ২০০৫ সালের ঐতিহাসিক ‘পিপল বনাম জ্যাকসন’ ফৌজদারি মামলার একটি ফরেনসিক এবং ঐতিহাসিক বিশ্লেষণ করা হয়েছে এখানে, যেখানে শিশু নির্যাতনের সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন এই পপ তারকা।
ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (জিওহটস্টার)
আদিত্য ধরের এই সিনেমাটি জিওহটস্টারে চলতি সপ্তারের বৃহস্পতিবার (৪ জুন) মুক্তি পেয়েছে। স্পাই-থ্রিলার বা গোয়েন্দা ঘরানার দুই পর্বের চলচ্চিত্রের ধুন্ধুমার ও হাই-স্টেক্স সমাপ্তি ঘটতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমার ঠিক পর থেকেই শুরু হবে এর গল্প। অ্যাকশন ও রহস্যপ্রেমীদের জন্য এটি হতে পারে সপ্তাহের সেরা পছন্দ।
নট সুইটেবল ফর ওয়ার্ক (জিওহটস্টার)
চলতি সপ্তাহের মঙ্গলবার (২ জুন) মুক্তি পেয়েছে। ম্যানহাটনের ট্রেন্ডি পাড়া ‘মারে হিল’-এর পটভূমিতে নির্মিত একটি স্লাইস-অফ-লাইফ সিটকম (কমেডি সিরিজ) এটি। কর্পোরেট সংস্কৃতি এবং পেশাগত উচ্চাকাঙ্ক্ষার যাঁতাকলে পিষ্ট আধুনিক জীবনের গল্প রসাত্মকভাবে উঠে এসেছে এখানে।
আমার বার্তা/জেএইচ
