নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে গুরুত্ব পায় বাংলাদেশের গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের দীর্ঘ পথচলা।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা, পরিচালক ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। তাঁদের উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একুশে পদকপ্রাপ্ত লেখক ও নির্মাতা আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।
একই আয়োজনে পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। এ ছাড়া উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে।
আয়োজনে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা। সংগীত, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের দীর্ঘ পথচলা উদ্যাপনের পাশাপাশি সাংবাদিকতা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে স্থান করে নেয়।
