
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।
সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এ রায় দেন।
প্রায় দুই দশক আগে, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সী ব্র্যান্ড। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।
রায় ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান বলেন, ব্র্যান্ড মনে করতেন, তার খ্যাতি তাকে যা খুশি করার অধিকার দিয়েছে। তিনি একজন যৌন নিপীড়ক হিসেবে নারীদের সম্মতি ছাড়াই অপরাধ করেছেন। সাজা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ সময় কারাগারে থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পেতে পারেন তিনি।
চার সপ্তাহের বিচার শেষে একটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন ব্র্যান্ড। তবে আরও দুটি ধর্ষণ এবং একটি অশালীন আচরণের চেষ্টার অভিযোগ থেকে খালাস পান তিনি।
আদালতে ভুক্তভোগীরা জানান, ব্র্যান্ডের অপরাধ তাদের দীর্ঘস্থায়ী মানসিক আঘাত দিয়েছে। তার খ্যাতি, সম্পদ ও প্রভাবের কারণে তারা সে সময় অভিযোগ জানাতে সাহস পাননি। একজন ভুক্তভোগী বলেন, দুই দশকের বেশি সময় ধরে অপরাধের জন্য নিজের মধ্যে লজ্জা ও অনুশোচনা বয়ে বেড়াচ্ছেন তিনি।
লন্ডন পুলিশের কর্মকর্তা অ্যান্ডি ফারফি ভুক্তভোগীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, তাদের অভিযোগ সামনে আসায় যৌন সহিংসতার শিকার অন্যরাও ন্যায়বিচারের আশায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন।
এদিকে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় ভুক্তভোগীর বয়স ছিল ১৬ বছর। পুলিশের ধারণা, সামনে আরও অভিযোগ আসতে পারে।
একসময় ব্রিটেনের জনপ্রিয় উপস্থাপক ও হলিউডের অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন রাসেল ব্র্যান্ড। ক্যাটি পেরির সাবেক স্বামী ব্র্যান্ড ফরগেটিং সারাহ মার্শাল, গেট হিম টু দ্য গ্রিক ও আর্থারসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সূত্র: রয়টার্স

