স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (২৮ মার্চ ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি একটাই অনুরোধ করবো, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণী। আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন।

আপনাদের সহকর্মী তৃণমূল পর্যায়ে যারা চাকরি করছেন তাদের নিকট আজকের বার্তা পৌঁছে দিবেন। এ ব্যাপারে সবাই সমন্বিতভাবে এগিয়ে না এলে এতো বিশাল খাতের চিকিৎসকদের তত্ত্বাবধান করা কঠিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আজকের এই প্রোগ্রামে এসেছি, শুধু একটি কথা বলতে যে, আমি জাতির সেবার জন্য আপনাদের সহযোগিতা চাই, আমার জন্য না। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে চাই।

সন্ত্রাস মানে মারামারি না, কলমের সন্ত্রাস, সিদ্ধান্তের সন্ত্রাস। আমাদের ডাক্তারদের যেন আপনাদের সহযোগিতায় একটি সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি। আর এটা করা মানে বাংলাদেশের আঠার কোটি মানুষের উপকার।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সম্প্রতি জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়ে ব্যবস্থাপনা, সম্প্রতি বেড়ে যাওয়া হাম রোগ মোকাবিলায় প্রস্তুতি, রাজশাহী মেডিকেলে জরুরি ভিত্তিতে এনআইসিইউ ও ভেন্টিলেশন স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সরকার গৃহীত ব্যবস্থা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানসহ প্রখ্যাত চিকিৎসকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক এএমএসএম শরফুজ্জামান রুবেলকে শ্রদ্ধার সাথে স্মরন করা হয়।


আমার বার্তা/এমই