
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও উন্নয়নবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার বর্তমান সক্ষমতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন IAEA-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইগোর ভেলজকোভিচ। মিশনে IAEA, WHO ও IARC-এর একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু পাভলোভিচ এবং ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি অনলাইনে যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশে ক্যান্সার ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করে একটি কার্যকর ও টেকসই চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, বিএমইউতে ক্যান্সার-সংশ্লিষ্ট পাঁচটি মূল বিভাগসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ রয়েছে। এসব বিভাগের বিদ্যমান সক্ষমতাকে সমন্বিত করে একটি আন্তর্জাতিক মানের ‘স্টেট অব দ্য আর্ট কমপ্রিহেনসিভ ক্যান্সার ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ইনস্টিটিউটে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ শনাক্তকরণ, আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণার সুযোগ এক ছাতার নিচে আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে রোগীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, ক্যান্সার চিকিৎসার বিদ্যমান সক্ষমতা মূল্যায়ন, অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি চিহ্নিতকরণ, সমন্বিত চিকিৎসাসেবা শক্তিশালীকরণ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশি-বিদেশি সহযোগিতা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় ক্যান্সার রেজিস্ট্রি, চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, ক্যান্সার চিকিৎসার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল, উন্নত রেডিওথেরাপি প্রযুক্তি এবং বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্সার-সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত কাঠামোর আওতায় এনে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা সম্ভব হলে চিকিৎসাসেবা, উচ্চতর শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি এবং প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, বিদ্যমান সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় ক্যান্সার স্ক্রিনিং ও প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, ক্যান্সার রেজিস্ট্রি প্রতিষ্ঠা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আশা প্রকাশ করা হয়, IAEA, WHO ও IARC-এর যৌথ imPACT Review Mission-এর মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমেও বিশ্ববিদ্যালয় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

