কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টাগার্ড। এতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।
গত মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। এক বিবৃতিতে কিউবার কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। নিহত এবং আহতদের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক— এসব তথ্য প্রকাশ করা হয়নি বাহিনীর বিবৃতিতে। কেন এটি কিউবার জলসীমায় প্রবেশ করল তা-ও জানা যায়নি।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের জলসীমায় স্পিডবোটটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছোড়ে। এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন।
নিহত এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
উল্লেখ্য, ১৯৫৮ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেৃতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে জ্বালানি তেল আমদানি করতে পারছে না কিউবা।
কঠোর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, লোডশেডিংয়ের মত সমস্যা দিন দিন বাড়ছে কিউবায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সমুদ্র-সীমান্ত আছে। সমুদ্রপথে কিউবার উপকূল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার।
গত কয়েক দশকে কিউবার হাজার হাজার নাগরিক বৈধ-অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই নাগরিকদের অনেকে কিউবায় থাকা স্বজনদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল এবং সেখানে যারা ছিলেন— তার সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। কিউবা থেকে নিজেদের আত্মীয় স্বজনদের বের করে আনতেই সেখানে যাচ্ছিলেন তারা।” - সূত্র : এএফপি
