দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে আছড়ে পড়েছে প্রতিহত করা ড্রোন বা মিসাইল। আর যে ভবনটিতে ধ্বংসাবশেষ আঘাত হেনেছে সেটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের ওরাকলের।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দুইদিন আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে হামলার হুমকি দেয়। তারা ওরাকল, অ্যামাজন, ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের লিস্ট প্রকাশ করে। যারমধ্যে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে ওরাকলের ভবনে আঘাত হানল প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।’
এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিসরের ব্যক্তি। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। গতকাল শুক্রবার এ হামলা হয়।
হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাস্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর উপসাগরীয় আবর দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রথমে এটি শুধুমাত্র সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ ছিল। কিন্তু ইরান এখন বাণিজ্যিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। মূলত নিজেদের বাণিজ্যিক স্থাপনায় হামলার পর মার্কিনিদের স্থাপনায় হামলার হুমকি দেয় ইরান। দুবাই মেরিনাতে আজকের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
