একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে: রাহুল গান্ধী
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি ওই বার্তা পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, এই আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। ওরা (বিজেপি) অধিকার কেড়ে নেয়, আমরা দেই। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি।
তিনি বলেন, ওরা ভারতের বৈচিত্র্য মুছে ফেলতে চায়, আমরা বাংলাসহ প্রতিটি সংস্কৃতি ও প্রতিটি ভাষাকে সম্মান করি।পাশাপাশি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করেও বিজেপির কড়া সমালোচনা করেন তিনি।
চলতি সপ্তাহে শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতায় তার সভা করার কথা রয়েছে। সভার অনুমতি মেলা নিয়ে সমস্যার অভিযোগ তুলেছিলেন তিনি।
এদিকে রাজ্যবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বার্তা দিয়েছেন। ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন। খবর বিবিসির।
কৃষ্ণনগর এবং মথুরাপুরে বৃহস্পতিবার দুটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বিকেলে হাওড়ায় একটি রোড শোও করার কথা আছে।
