
‘অপারেশন ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) সামরিক অভিযানের আওতায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মোট ৮৭৪টি স্থল ও বিমান হামলা পরিচালনা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী।
বিভিন্ন ফ্রন্টে পরিচালিত এসব হামলায় নিষ্ক্রিয় (নিহত ও আহত) হয়েছেন প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা। সেই সঙ্গে ধ্বংস হয়েছে হুথি বাহিনীর প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম। হুথিদের বিভিন্ন অবস্থানকেন্দ্র ও সুরক্ষিত এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এসব তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল আল-নুজাইলি বলেছেন, রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ইয়েমেনজুড়ে হুথিদের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে ২৯টি বিমান এবং ৩৯টি ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর রকেট-লঞ্চার ইউনিটগুলো ৬২ বার এবং ফিল্ড আর্টিলারি (কামান বাহিনী) ৭৪৪ বার গোলাবর্ষণ করেছে; এসব আঘাতে হুথিদের অবস্থান, সৈন্য সমাবেশ, নতুন করে আসা সেনা ও সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এক্সপোস্টে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, সেনাবাহিনী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে ভূখণ্ডগত সাফল্য অর্জন করেছে এবং বেশ কিছু অবস্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
মুখপাত্র জানান, এসব ফ্রন্টে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ এবং ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর ইউনিটগুলো কাজ করছে, যেখানে অন্যান্য সেক্টরেও লড়াই অব্যাহত রয়েছে।
আরও উত্তরে, সামরিক বাহিনীর ‘ইমার্জেন্সি ডিভিশন’, ‘নেশনস শিল্ড ফোর্সেস’ এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম সামরিক অঞ্চলের ইউনিটগুলো হুথিদের গতিবিধি প্রতিহত করছে বলেও এক্সপোস্টে উল্লেখ করেছেন কর্নেল আল-নুজাইলি। এ ইউনিটগুলো উত্তরের ফ্রন্টগুলোতে, বিশেষ করে আল-জওফ ও মারিব এলাকায় হুথিদের অবস্থানে আক্রমণ চালাচ্ছে।
এছাড়া আল-বাদা এলাকায় ‘শাবওয়া ডিফেন্স ফোর্সেস’ এবং অন্যান্য সামরিক ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে।
তাইজ এলাকায় হুথি-বিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্সের সহায়তায় সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করছে এবং তাদের অবস্থান ও গতিবিধির ওপর পাল্টা হামলা চালাচ্ছে।
সামরিক বাহিনী জানিয়েছে, বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।
ইরানের সমর্থন ও মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের নির্মূল এবং তাদের দখলে থাকা রাজধানী সানাসহ পুরো উত্তর ইয়েমেন পুনরুদ্ধার করতে গত ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
সূত্র : আরব নিউজ

