ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় শুনতে এসে সাংবাদিকদের এ দাবির কথা জানান তারা।
ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, আজ এ মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। আর এখনও যারা পলাতক রয়েছেন, তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে যে রায় হবে তা যেন কার্যকর করে সরকার।
বড় ভাই রমজান আলী বলেন, এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক রায় কি হয়। আমাদের পরিবার থেকে চাওয়া আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।
