তনু হত্যা: হাফিজুরের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সোহাগী জাহান তনু ও সাবেক সেনা সদস্য হাফিজুর/ছবি: সংগৃহীত

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আদালতের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাফিজুর রহমানের জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার জামিন আদেশ বাতিল করেন।

তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫২ বছর বয়সী হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তার গ্রেফতারের পর দীর্ঘদিন ধরে চলমান তনু হত্যা মামলাটি আবারও আলোচনায় আসে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন রয়েছে।


আমার বার্তা/এমই