সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বর্তমানে দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) প্রকল্পের মাধ্যমে সোলার ইরিগেশন সিস্টেমগুলো স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ি উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দুটি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া, সমগ্র শেরপুর জেলায় আরও ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
আমার বার্তা/এমই
