ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিবিসি বাংলার প্রতিবেদন
আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১২:৪০

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। তাকে আনতে হবে একটি সামরিক বিমান পাঠিয়ে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।

এছাড়া এক ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তার সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণ চুক্তির আইনি দিক দেখিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না ভারত, কারণ এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।

তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছিল।

ভারতে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।

দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।

ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা।

তবে ভারতীয় কর্মকর্তাদের সন্দেহ, জ্বালানি সংকট ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন ফেরাতে চায় কি না। কারণ তার ফেরা দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তার ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে। তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলেও, ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পেছনে নয়াদিল্লির হাতে একটি নতুন যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

বরগুনার পাথরঘাটার প্রবীণ শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ কাজী আবদুর রশিদ। তার কাছেই পড়তো ছোট্ট এক শিশু।

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল