
হংকং থেকে মসলার আড়ালে আমদানি করা ৩০ কেজি অবৈধ শিশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (১২ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), মো. শাকিল আহমেদ (৩২), মো. মেহেদী হাসান (৪৬)।
তিনি জানান, দীর্ঘ দুই মাস গোয়েন্দা নজরদারির মাধ্যমে শিশার অবৈধ আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া যায়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গোয়েন্দা দলটি চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। এ সময় আমদানি থেকে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে অর্ডার করা পাঁচ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত ১১ নভেম্বর রাতে উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের একটি ভবনে আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেখানো মতে প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব শিশা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসান (৪৬) কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। পরে শাকিলের মাধ্যমে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সঙ্গে শিশা কেনা-বেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সোলায়মান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে শিশার অবৈধ ব্যবসা করে আসছিলেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেহেদী হাসান জানান, উদ্ধার করা শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া নিয়ে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে দেশে আনা হয়েছে এবং আমদানির সময় শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার সোলায়মান আহমেদ শুভ, শাকিল আহমেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা তদন্ত করছেন।
ডিএনসি জানিয়েছে, চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং ও অভিযান চলবে।

