কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দলের ঘোষিত ৩১ দফা ও নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হওয়া জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই। এবার দেশ পুনর্গঠন করতে সবাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও অজুহাতে কারও প্রতি অন্যায় করা যাবে না। যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দেশ গঠনে সবার চিন্তা গুরুত্বপূর্ণ। সবার মতামতে আমরা দেশ গঠন করবো। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রশাসন ও সব নির্বাচনি কর্মকর্তাদের অভিনন্দন। কারণ আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দর নির্বাচন হতো না।

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।

তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি— এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।

তারেক রহমান বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো। জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিটা রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন।

বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরও উপস্থিত রয়েছেন।

 


আমার বার্তা/এমই