১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৭:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো।
মঙ্গলবার (০৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এ মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো। এখন আমরা একটি ১১ দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সাথে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী আমরা ঘোষণা করবো।
সারজিস আলম বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে টালবাহানা করে পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতোমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসন দিয়েছে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোন উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে নেই। তারা আবার তাদের পূর্বে ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পাঁয়তারা সে পাঁয়তারা শুরু করছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এই ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করবো সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।
আমার বার্তা/এমই
