ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  এ আর মোল্লা:

দেশের শীর্ষ স্থানীয় আবাসন  নির্মাতা প্রতিষ্ঠান ডোম ইনো প্রপার্টিজ লিমিটেড এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ ও ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে ভয়াবহ প্রতারণা ও দীর্ঘ সূত্রতার অভিযোগ বহু দিনের। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণের কথা বলে জয়গার মালিকের সাথে চুক্তি করে বছরের পর বছর বিভিন্ন জায়গার মালিককে হয়রানি করে আসছে। এমনকি ফ্ল্যাট বিক্রি করে বুঝিয়ে না দিয়ে শতশত গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

রিহ্যাব জানিয়েছে, ১৪২ টি প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি কমবেশি দুই হাজার গ্রাহকের কাছ থেকে অগ্রিম ফ্ল্যাট বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম গ্রেফতার হয়ে জেল হেফাজতে আছেন। কিন্তু এখনো থেমে নেই তাদের দখল বানিজ্য ও দস্যুতা। আবদুস সালামের পালিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। মায়ের সূত্রে পাওয়া জমির একাংশের মালিক মৃত হালিমা বেগমের ছেলে আব্দুল বারেক মিয়া বলেন, আমাদের জমিটির খতিয়ান নং- সি এস ২৭, এস এ ১৯, আর এস ১০, সিটি জরিপ- ২৬, দাগ নং- সি এস ও এস এ- ৩১, আর এস- ৪১ ও ৭২, সিটি জরিপ- ১৩১, এস এ নামজারী খতিয়ান নং- ১৯/৩, জোত নং- ৬৬, সিটি জরিপ খতিয়ান নং- ১৩৪৫, জোত নং- ৩৪/৫, জমির পরিমাণ- ১.৯৮ শতাংশ। আমাদের জায়গার পেছনে ডোম ইনো ডেভেলপমেন্ট জায়গা ক্রয় করে তাদের চিহ্নিত কিছু সন্ত্রাসীর মাধ্যমে আমাদের জায়গা তারা দখল করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে তাদের কোম্পানির অফিসে বহুবার গিয়েও কোন সুরাহা পাইনি। পরবর্তীতে বাধ্য হয়ে আমাদের জায়গায় আমরা সাইনবোর্ড লাগালে ডোম ইনো ডেভেলপমেন্টের সন্ত্রাসীরা বিভিন্নভাবে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

এসব বিষয়ে আমরা তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগের ব্যাপারে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার সাব-ইন্সপেক্টর মেহেদী ফয়সাল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। তবে বিষয়টি নিয়ে এসিল্যান্ড অফিস বা আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি। আমরা শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিষয়টি দেখবো। তবে এ বিষয়ে ডোম ইনো ডেভেলপমেন্ট কোম্পানির এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আমার বার্তা/এমই