ভারতের সেমিফাইনালের আশায় কত বড় ধাক্কা দিলো দক্ষিণ আফ্রিকা?
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টানা চার জয়ে গ্রুপ পর্বে আধিপত্য দেখায় ভারত। সেই দলটির কি না ভিন্ন রূপ দেখা গেল সুপার এইটের প্রথম ম্যাচে। গতকাল (রোববার) রাতে আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে পরাজয় স্বীকার করেছে স্বাগতিকরা। ৭৬ রানের জয়ে তাদের সেমিফাইনালের আশায় বড় ধাক্কা দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাটিংয়ে নেমে জসপ্রীত বুমরাহর বোলিংয়ে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০ রানে তারা তিন উইকেট হারায়। ডেভিড মিলার ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন।
১৮৮ রানের তাড়ায় ভারত দ্রুত উইকেট হারাতে থাকে। ১০ম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৫১ রান। ১৫তম ওভারে কেশভ মহারাজ তিন উইকেট তুলে নিলে ম্যাচ হাতছাড়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখল ভারত। বিশাল ধাক্কা লেগেছে নেট রানরেটেও— নেমেছে -৩.৮০। ভারতের সামনে ভুলের কোনো অবকাশ নেই, তাদের সেমিফাইনালে ওঠার পথ যে বড্ড কঠিন হয়ে পড়েছে।
যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে তাদের অবস্থান নির্ধারণ করা হবে:
* যে দলের জয়ের সংখ্যা বেশি, তারা টেবিলের উপরে থাকবে।
* যদি পয়েন্ট এবং জয় উভয়ই সমান হয়, তবে নেট রান রেট দেখা হবে।
* যদি নেট রান রেটও হুবহু মিলে যায়, তবে ওই দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে যে জিতেছে সে এগিয়ে থাকবে।
* উপরের কোনোটিতেই সমাধান না হলে, ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের সামনে সুপার এইটের দুটি ম্যাচ আছে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে তারা জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানও ভাগ্য নির্ধারণ করবে।
পরিস্থিতি এতটাই জটিল, অন্যদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। আর জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে গ্রুপ নাটকীয়ভাবে আরও উন্মুক্ত হবে। চাপ বাড়বে স্বাগতিকদের ওপর।
তাই ভারত আপাতত বাকি ম্যাচ জেতার পাশাপাশি চাইবে এইডেন মার্করামের দলও যেন বাকি দুটি ম্যাচে জয় পায়। তাতে পয়েন্টের হিসাবনিকাশে জটিলতার মুখে পড়তে হবে না। তবে যে কোনো অঘটন ভারতের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে, কারণ তাদের নেট রানরেট বাজে অবস্থায়। সূর্যকুমার যাদবের দলের সামনে একটাই সমীকরণ— বাকি দুটি ম্যাচ জিততে হবে এবং সেটাও বড় ব্যবধানে, যাতে নেট রানরেটের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
