বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল প্রথমবারের মতো মেয়েদের এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানায়। যেখানে ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে (১৪ মার্চ) হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তিনটি দলকে তারাই নেতৃত্ব দেবেন। শুরু থেকেই বলা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বিদেশি ক্রিকেটারদের জন্য সুযোগ রাখা হবে। সেই বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। 

ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের মাঝে চুক্তি এবং ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে রুবাবা দৌলা জানিয়েছেন, ‘দলগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত তারকা খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সবার জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট দেশের ওপর বিধিনিষেধ নেই। যে কেউ আগ্রহ দেখালে এবং যে দল এমন খেলোয়াড় নিতে চায়, তারা তা করতে পারবে। এটি সবার জন্য খোলা, দেখা যাক কী হয়।’

সাধারণত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি মেলে না ভারতীয় ক্রিকেটারদের। তবে নারী ক্রিকেটে সেই সীমাবদ্ধতা নেই। ফলে স্মৃতি মান্দানা, হরমনপ্রিত কৌরদের বিদেশি লিগেও খেলতে দেখা যায়। যদিও বাংলাদেশের মাটিতে তারা খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। যা নিয়ে এখনও উভয়পক্ষের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হয়নি।

প্রসঙ্গত, ৩ দলের নারী বিপিএল ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে। ৪ ক্যাটাগরিতে হবে ক্রিকেটারদের ড্রাফট। সর্বোচ্চ আইকন ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা।