বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের নতুন এক অধ্যায়ের জন্ম হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল — আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। প্রায় এক শতাব্দীর বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
কোয়ার্টার ফাইনালে নিজেদের বাধা পেরিয়ে শেষ চারে ওঠে চার পরাশক্তি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে নিশ্চিত করে শেষ চারের টিকিট। অন্যদিকে স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে এবং ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
ফলে সেমিফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের দুই ও তিন নম্বর দল স্পেন ও ফ্রান্স। অন্য সেমিফাইনালে লড়বে এক নম্বর আর্জেন্টিনা এবং চার নম্বর ইংল্যান্ড। অর্থাৎ বিশ্ব ফুটবলের বর্তমান চার শীর্ষ শক্তিই এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে।
বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর আধিপত্য নতুন কিছু নয়। তবে একসঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সেমিফাইনালে ওঠা নজিরবিহীন। অতীতের আসরগুলোতে প্রায়ই অঘটন ঘটেছে, যেখানে শীর্ষ দলগুলোর কেউ না কেউ নকআউট পর্বে বিদায় নিয়েছে বা তুলনামূলক কম শক্তিশালী দল শেষ চারে জায়গা করে নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে সেই চিত্র বদলে গেছে।
চার দলের বিশ্বকাপ ইতিহাসও সমৃদ্ধ। আর্জেন্টিনা তিনবার, ফ্রান্স দুইবার, স্পেন একবার এবং ইংল্যান্ড একবার বিশ্বকাপ জিতেছে। সব মিলিয়ে তাদের ঝুলিতে রয়েছে সাতটি বিশ্বকাপ শিরোপা। এবার সেই সংগ্রহ আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে চার দলই।
বিশ্বকাপের সেমিফাইনালকে তাই অনেকেই ‘ড্রিম সেমিফাইনাল’ বলছেন। একদিকে স্পেন-ফ্রান্সের ইউরোপিয়ান মহারণ, অন্যদিকে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা—দুটি ম্যাচই বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের।
উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু হলেও সে বছরের টুর্নামেন্টে এটি ব্যবহার করা হয়নি। এর আগে বেলজিয়াম (২০২২), জার্মানি (২০১৮), স্পেন (২০১৪), ইতালি (২০১০) এবং ফ্রান্স (২০০২) শীর্ষ চারে থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালের পর থেকে বাকি বিশ্বকাপগুলোতেও শীর্ষ র্যাঙ্কিংয়ের সব দল একসাথে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি।
