
সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল রাত সাড়ে আটটায় ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আজ সকালে অনুশীলন করেছে পাকিস্তান। অনুশীলনে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট ফাইনালে ভারতের বিপক্ষে খেলার আশা ব্যক্ত করেছেন।
চলমান সাফে সবচেয়ে বড় তারকা বাংলাদেশের হামজা চৌধুরী। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা ও বিশেষ ভাবনা থাকে। সেখানে পাকিস্তানের গোলরক্ষক ভিন্ন ভাবছেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’
হামজা-সামিত বেশ উঁচু মাপের খেলোয়াড়। পাকিস্তান দলেও তাদের দলের খেলোয়াড় রয়েছে এমনটাই বলেন বাট, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি যে, হ্যাঁ, তারা দুর্দান্ত খেলোয়াড়। গ্যারান্টি দিচ্ছি যে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
ফিফা উইন্ডোতে পাকিস্তান আরও পাঁচজন ফুটবলার পেয়েছে। এতে তাদের শক্তি ও প্রস্ততি আরও বেড়েছে বলে মন্তব্য বাটের, ‘আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সাথে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। তাই আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব এবং আশা করি ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’
২০১৮ সালে বাংলাদেশ ঢাকায় পাকিস্তানকে হারিয়েছিল। আট বছর পর মধুর প্রতিশোধ নিতে চায় পাকিস্তান, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে একটা আত্মঘাতী গোলের কারণে তারা খুব ভাগ্যবান হয়েছিল, ইনশাআল্লাহ এবার ফলাফল অন্যরকম হবে।’
ভিএআর থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা জানি যে বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় সাহায্য হবে, কারণ জানেন তো, যখন ঘরের মাঠের দল এবং সমর্থকরা খেলে, তখন অনেক চাপ তৈরি হয়। তাই আলহামদুলিল্লাহ, আমি এজন্য খুশি যে এই দিক থেকে বিষয়টি আরও একটু গোছানো হতে পারে।’
চলমান সাফ পাকিস্তান শুরু করেছিল ভারতের বিপক্ষে হেরে। তাই ফাইনালে ভারতকেই চান তিনি, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি যে ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হবো, তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে, এখন আমাদের সামনে বাংলাদেশ।’
সাফ দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট। তাই এটা পাকিস্তানি ফুটবলাররা বেশ গুরুত্ব দেন, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি, আমাদের কাছে সাফ কাপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আর আগামী বছর ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ কাপ এমন একটা প্রতিযোগিতা যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। তাই আমি আশা করি ইনশাআল্লাহ আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব। ’

