
‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’-বাঙালির এই চিরায়ত প্রবাদবাক্যটি কেবল একটি সাধারণ প্রবচন নয়। পারস্পরিক সহযোগিতার এই সমবায় নীতিই মানবসভ্যতার টিকে থাকা এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম শক্তিশালী ভিত্তি।
ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং পুঁজিবাদের যুগে সমবায় আজ মানুষের পারস্পরিক আস্থার এক অনন্য প্রতীক। সমবায়ের অর্থ কেবল যৌথভাবে কিছু সঞ্চয় করা নয়, এর মূল কথা হলো-একতাই বল, সমস্বার্থ রক্ষা এবং একসাথে সামনে এগিয়ে চলা। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে সমবায় আজ একটি গুরুত্বপূর্ণ খাত, যার ভিত্তি রয়েছে মানবসভ্যতার সূচনালগ্নে। উর্বর পলিমাটির এই বাংলাদেশে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে কাঠামোগত উন্নয়ন, আইনি প্রক্রিয়া সহজীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে সমবায়ের অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমাদের দেশের সমবায় খাতকে আরও আধুনিক ও আস্থার জায়গায় নিতে বিভিন্নমুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে। সমবায়ের ইতিহাস মানবসভ্যতার মতোই প্রাচীন। প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধভাবে শিকার করত কিংবা কৃষিকাজ করত, তার ভেতরেও সমবায়ী চেতনার বীজ লুকিয়ে ছিল। তবে আধুনিক ও প্রাতিষ্ঠানিক সমবায়ের সূচনা ঘটে ইউরোপের শিল্পবিপ্লবের সময়, যখন পুঁজিবাদী শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে শ্রমিক ও সাধারণ মানুষ কোণঠাসা হয়ে পড়েছিল।
আধুনিক সমবায়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ১৮৪৪ সাল। যুক্তরাজ্যের ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার অঞ্চলের ছোট্ট শহর রচডেলে মাত্র ২৮ জন তাঁতি মিলে গঠন করেন ‘রচডেল সোসাইটি অব ইকুইটেবল পাইওনিয়ার্স'। তখন শিল্পবিপ্লবের ধাক্কায় পণ্যের বাজারে চরম নৈরাজ্য আর ভেজাল পণ্যের ছড়াছড়ি ছিল। এই প্রেক্ষাপটে ওই দূরদর্শী তাঁতিরা নিজেদের সামান্য পুঁজি একত্র করে একটি সমবায় দোকান চালু করেন, যেখানে ন্যায্য মূল্যে ভেজালমুক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো। তাদের মূলনীতি ছিল স্বচ্ছতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, এক ব্যক্তি এক ভোট এবং লভ্যাংশ নয়, সেবাই বড়ো কথা। রচডেলের এই ছোট্ট সমবায় প্রচেষ্টা পরবর্তীতে বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮৯৫ সালে গঠিত হয় আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা বা আইসিএ। বর্তমানে পৃথিবীর প্রায় ১৩০ কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরক্ষভাবে সমবায়ের সাথে যুক্ত। আজকের বিশ্বে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের অর্থনীতিতেই সমবায় একটি প্রধান চালিকাশক্তি।
নেদারল্যান্ডসের বিখ্যাত রাবো ব্যাংক একটি গ্রামীণ সমবায় ব্যাংক হিসেবে শুরু হয়ে আজ বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার শিকড় রয়েছে কৃষকদের সমবায়ে। ফ্রান্সের প্রতি ১০ জন কৃষকের ৯ জনই কোনো না কোনো সমবায়ের সাথে যুক্ত। জার্মানির শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আরইডব্লিউই পরিচালিত হয় সমবায় ভিত্তিতে। একইভাবে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় কৃষির প্রায় ৯০ শতাংশেরও বেশি কার্যক্রম পরিচালিত হয় সমবায় সমিতির মাধ্যমে। নিউজিল্যান্ডের মোট জিডিপির একটি বড়ো অংশ আসে সমবায়ভিত্তিক ডেইরি ও কৃষিখাত থেকে, যেখানে তাদের বিখ্যাত দুগ্ধজাত পণ্যের ৯০ ভাগের বেশি উৎপাদিত ও বিপণিত হয় সমবায়ের হাত ধরে। কুয়েতের খুচরা বাজারের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে সমবায় সুপার মার্কেটগুলো। এই পরিসংখ্যান প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা, সততা এবং আইনি সুরক্ষা থাকলে সমবায় একটি জাতির অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারে।
উপমহাদেশে সমবায় আন্দোলনের সূচনা মূলত ব্রিটিশদের হাত ধরে। কৃষকদের মহাজনি ঋণের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে ১৯০৪ সালে ব্রিটিশ সরকার প্রণয়ন করে প্রথম সমবায় আইন। মূলত গ্রামীণ ঋণ সরবরাহের মাধ্যম হিসেবে সমবায় ব্যাংক ও সমিতিগুলোর যাত্রা শুরু হয়। দেশভাগের পর ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানে সমবায় ব্যাংক গঠিত হয়। তবে বাংলাদেশে সমবায় আন্দোলনের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল ও স্মরণীয় অধ্যায়টি রচিত হয় ষাটের দশকে কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান-এর হাত ধরে। ১৯৫৯ সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)। ড. খানের প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’ এর মূল ভিত্তি ছিল দ্বি-স্তরী সমবায় ব্যবস্থা, যার মাধ্যমে সাশ্রয়ী সঞ্চয়, পুঁজি গঠন, আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্থানীয় নেতৃত্ব বিকশিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে এই মডেল গ্রামীণ অর্থনীতিতে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন অর্জনে সমবায় একটি কার্যকর হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের সুদূরপ্রসারী সম্ভাবনা এখনও অপার।
স্বাধীনতার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাংলাদেশের সমবায় খাত বর্তমানে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কাগজে-কলমে বহু সমবায় সমিতি নিবন্ধিত থাকলেও এর সুফল প্রান্তিক পর্যায়ে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে অননুমোদিত কিছু 'মাল্টিপারপাস সমবায় সমিতি'র অনিয়মের কারণে সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা এই খাতের সার্বিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রাজধানী থেকে মফস্বল পর্যন্ত এ ধরনের কিছু ঘটনার ফলে সাধারণ মানুষের মাঝে সমবায় সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির প্রয়োজন দেখা দিয়েছে। সমবায় সদস্যদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি হতে পারে একটি কার্যকরী পদক্ষেপ। সমবায়ে যোগদানের আগে সাধারণ মানুষকে সমবায় আইন, নীতিমালা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে হবে। সমবায় শিক্ষা স্কুল-কলেজ বা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। একই সাথে আইনি কাঠামোর যুগোপযোগী পরিমার্জন ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে একটি শক্তিশালী সমবায় ব্যবস্থা গড়ে উঠলে তা কেবল গ্রামীণ অর্থনীতির চিত্রই বদলে দেবে না, বরং স্বাবলম্বী বাংলাদেশ গড়ার স্বপ্নকেও নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য, আত্মনির্ভরশীলতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা গড়ে ওঠে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়কে একটি আধুনিক, গতিশীল ও যুগের চাহিদা অনুযায়ী সর্বজনীন জনবান্ধব খাতে রূপান্তরিত করতে এখন প্রয়োজন বহুমাত্রিক উদ্যোগ। এ সকল প্রেক্ষাপট বিবেচনা করে বর্তমান সরকার সমবায় খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সমবায় সমিতির সংখ্যা বৃদ্ধির পরিবর্তে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সমবায় আইনের যুগোপযোগী পরিমার্জন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি, যাতে যেকোনো ধরনের অনিয়ম রোধ করা যায়। প্রতিটি সমবায় সমিতির আর্থিক স্বচ্ছতা রক্ষায় নিয়মিত অডিট বা নিরীক্ষা কার্যক্রম পরিচালনাসহ আইনগত সুরক্ষাকে আরও শক্তিশালী করতে হবে।
সমবায়জাত পণ্যকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার এবং বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী নতুন বাজার সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে তৃণমূলের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি বাড়ানো, প্রান্তিক সমবায়ীদের হাতে সহজে ও স্বল্পসুদে ঋণ পৌঁছানো এবং উৎপাদনশীল খাতে বিশেষ প্রণোদনা প্যাকেজ চালু করা আজ সময়ের দাবি। এছাড়াও প্রকৃত উৎপাদকদের প্রাধান্য দিতে হবে। মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত কৃষক, মৎস্যজীবী, তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সমবায়ের মূল চালিকাশক্তিতে পরিণত করতে হবে। পাশাপাশি সমবায় সমিতির যাবতীয় হিসাব-নিকাশ এবং সদস্যের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজের আওতায় নিয়ে আসতে হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।
সমবায় কোনো দান বা অনুদান নয়; এটি আত্মশক্তি অর্জনের সম্মিলিত প্রয়াস। বিশ্বের উন্নত দেশগুলো যদি সমবায়ের শক্তির ওপর দাঁড়িয়ে অর্থনৈতিক পরাশক্তি হতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না? প্রয়োজন কেবল সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ এবং সাধারণ মানুষের আস্থার পুনঃপ্রতিষ্ঠা। অতীতের সব গ্লানি ও প্রতারণার জাল ছিন্ন করে সমবায় হোক খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তির একমাত্র ভরসাস্থল। সমবায়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
লেখক: তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

