
ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (১৫) ও রাজন হোসেন (১৪) নামে দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ মে) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম ও রাজন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বন্ধু একটি অটোরিকশায় করে হাসনাবাদের দিকে চা খেতে যাচ্ছিল। পথে তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা আরও ২ জন। আর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসারা হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আমার বার্তা/এমই

