
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে রানাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান । এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার (৭, ৮ ও ৯নং ওয়ার্ড), ৭নং ওয়ার্ডের সদস্য লিটন হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য লুতফর রহমান এবং ৯নং ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান খাঁন জানান, ঈদকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চাল গ্রহণকারী স্থানীয় উপকারভোগীরা জানান, ঈদের আগে বিনামূল্যে ১০ কেজি চাল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এতে তাদের পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

