
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসন, পিরোজপুর ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, অনলাইন সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা ভূমি সেবাকে আরও আধুনিক, হয়রানিমুক্ত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ।
আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

