
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে গঠন করা হয়েছে এ কর্তৃপক্ষ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন এই বিনিয়োগ উন্নয়ন সংস্থা।
গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করে সরকার। আইন কার্যকরের পরদিনই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ছাড়াও সদস্য নিয়োগ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ ও ২২ আগস্ট এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ দেওয়া হয়েছে।
চৌধুরী আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নাহিয়ান রহমান রচিকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই মেয়াদে এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সদস্য পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।
সচিব পদে পদোন্নতি পেয়ে সদস্য হলেন রাজ্জাক সরকার
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকার সচিব পদে পদোন্নতি পেয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২২ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রাজ্জাক সরকার সচিব পদে পদোন্নতির পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) নিয়োগ পেয়েছেন।

