
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ঢাকা কালচারাল একাডেমি প্রদত্ত সুপার সাকসেস অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
তার অভিনীত বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্র 'অ্যাকশন জেসমিন'-এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ববির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দা তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মেজর ডা. খোশরোজ সামাদ এবং চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ আয়োজনে কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা ও রোজিনাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি চিত্রনায়ক সজল, অভিনেতা খাইরুল বাশার, সাইদুর রহমান পাভেল, অভিনেত্রী পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, প্রিয়াঙ্কা জামান, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, ব্র্যান্ড প্রমোটর বারিশা হকসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার গ্রহণ করে ববি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন স্বীকৃতি একজন শিল্পীকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়।
উল্লেখ্য, ২০১০ সালে 'খোঁজ: দ্য সার্চ' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিন হক ববির। এরপর 'দেহরক্ষী', 'ইঞ্চি ইঞ্চি প্রেম'সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান। কিছু সময় বিরতির পর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম 'খোয়াব' দিয়ে আবারও দর্শকদের নজর কাড়েন। সামনে তার অভিনীত আরও কয়েকটি নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

