
দীর্ঘ নয় বছরের সফল অধ্যায় শেষে লিভারপুল ছেড়েছেন মোহাম্মদ সালাহ। এবার ক্যারিয়ারের নতুন গন্তব্য হতে যাচ্ছে তুরস্ক। সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর মিশরীয় এই তারকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাবজোনস্পর জানায়, সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছাবেন। সেখান থেকে তিনি ট্রাবজোন শহরে যাবেন, যেখানে ক্লাবের সঙ্গে শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ক্লাবটি জানিয়েছে, সালাহকে স্বাগত জানানোর সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে তাদের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। ইউরোপীয় একাধিক গণমাধ্যমের দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ট্রাবজোনস্পরের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট ছিলেন সালাহ। ফলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে তুর্কি ক্লাবটি।
২০১৭ সালে ইতালির রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন সালাহ। অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচ খেলে ২৫৭ গোল করেছেন তিনি। এই সময়ে লিভারপুলকে জিতিয়েছেন একাধিক বড় শিরোপা।
তার অর্জনের তালিকায় রয়েছে- প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। ব্যক্তিগত অর্জনেও ছিলেন দুর্দান্ত। চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
লিভারপুল ছাড়ার পর সালাহকে ঘিরে সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার জোর গুঞ্জন ছিল। তুরস্কের আরেক শীর্ষ ক্লাব বেসিকতাসও তাকে দলে টানতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়।
তবে শেষ পর্যন্ত ইউরোপেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিশরীয় তারকা। আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ থাকায় ট্রাবজোনস্পরকে বেছে নিয়েছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করে ট্রাবজোনস্পর।
যদিও ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন সালাহ, তবুও শেষ পর্যন্ত সেই চুক্তির পুরো মেয়াদ শেষ করেননি। ক্লাবটি মার্চেই জানিয়ে দেয়, মৌসুম শেষে বিদায় নেবেন তিনি। শেষ মৌসুমে আগের মতো ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি সালাহ। এক পর্যায়ে টানা তিন ম্যাচের জন্য তাকে শুরুর একাদশের বাইরে রাখা হয়।
এরপর সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে তিনি অভিযোগ করেন, ‘কঠিন সময়ে ক্লাব তাকে "বাসের নিচে ফেলে দিয়েছে’ -অর্থাৎ দায় চাপিয়ে দিয়েছে।
তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে নিজের সম্পর্কও ভালো নয় বলে ইঙ্গিত দেন সালাহ। এমনকি জানুয়ারির দলবদলের আগেই ক্লাব ছাড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। এর কিছুদিন পরই তাকে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়। আফ্রিকা কাপ অব নেশনস শেষে দলে ফিরলেও আগের মতো বিধ্বংসী ছন্দ আর ফিরে পাননি।
সম্প্রতি শেষ হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপেও মিশরের নেতৃত্ব দিয়েছেন সালাহ। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলেন তিনি এবং তার নেতৃত্বে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে মিশর। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।
লিভারপুলে অসাধারণ এক যুগের ইতি টেনে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। ট্রাবজোনস্পরে যোগ দিলে তুর্কি ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠবেন তিনি। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এরপরই শুরু হবে ইউরোপের আরেক মঞ্চে সালাহর নতুন যাত্রা।

