
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে অবস্থিত মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জাহিদুর রহমানকে সম্মাননা জানিয়ে এক অনাড়ম্বর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হায়াত নূরন্নবী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বুলবুল।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি এম মাহবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার, কৃষক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান উজ্জ্বল, পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বী রুবেল, জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দানারুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুর রহমানের দীর্ঘদিনের শিক্ষাসেবার অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একজন শিক্ষকের আদর্শ ও পরিশ্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হক দুলাল ও হরিদাস চন্দ্র সিংহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে তাদের সফলতা ও সুস্থ ভবিষ্যৎ কামনা করা হয়।

