
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৪ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূর সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে জীবিত ও ৪ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নাছির উদ্দীন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধার হওয়া মৃত জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির ও একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ার বাসিন্দা কামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন 'এফবি ফকিরা মসজিদ' নামের ট্রলারটি ১২ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর ৪ টার দিকে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। সেখানকার ৭ জন জেলে জীবন বাঁচাতে অন্য ট্রলারে উঠলেও এখনো এক জন জেলে নিখোঁজ রয়েছেন।
কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৭ জন জেলে পার্শ্ববর্তী একটি ট্রলারে উঠতে সক্ষম হয়েছেন। এরমধ্যে ৩ জন জেলে কুতুবদিয়া উপজেলায় ফিরে এলেও, অন্য ৪ জন জেলে উদ্ধারকারী ট্রলারে করে নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে, এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিখোঁজ এক জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

