
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া খবর ছড়িয়ে একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধ ও কীভাবে তা কমিয়ে আনা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে; কোনোভাবেই বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারভুক্ত প্রকল্প।
তিনি আরও বলেন, আগামী ১০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে যাতে কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে এ কার্যক্রমকে স্পর্শ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়াবেন না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

