
মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো।
চার দেশের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলোর যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৈধ ও অনুমোদিত সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণে মালয়েশিয়ার শ্রমবাজার পরিচালিত হওয়া উচিত নয়। বরং সংশ্লিষ্ট সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও বৈষম্যহীন সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
চার দেশের অভিন্ন অবস্থান হলো—মালয়েশিয়ার শ্রমবাজার হতে হবে উন্মুক্ত, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও বৈষম্যহীন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা তৈরি হলে তা শ্রমবাজারের স্বাভাবিক প্রতিযোগিতা ব্যাহত করার পাশাপাশি কর্মী পাঠানো দেশগুলোর বৈধ রিক্রুটিং প্রতিষ্ঠানগুলোর জন্যও বৈষম্য সৃষ্টি করতে পারে।
এ কারণে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা, সমান সুযোগ এবং নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে চার দেশের সংগঠনগুলো। তাদের মতে, একটি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে মালয়েশিয়া ও কর্মী পাঠানো দেশ—উভয় পক্ষই উপকৃত হবে।
যৌথ ঘোষণায় আরও বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধ সব রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণের সুযোগ থাকা উচিত এবং কোনো বিশেষ গোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া উচিত নয়।
চার দেশের এই যৌথ অবস্থান মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও ন্যায়সংগত শ্রমবাজার প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করেছে।

